সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গুদামে অবৈধ মজুদ ১০ টন সার জব্দ; লাখ টাকা জরিমানা

Stuff
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ণ
গুদামে অবৈধ মজুদ ১০ টন সার জব্দ; লাখ টাকা জরিমানা
আওয়াজ ডেস্ক:: হবিগঞ্জে ধানের গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ১০ টন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সার জব্দ করা হয়।

এ সময় গুদামের মালিক ও মজুদদার বাচ্চু মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম জানান, সরকারের গুদাম থেকে তালিকাভুক্ত ডিলার নির্দিষ্ট পরিমাণে সার তুলতে পারেন এবং নিয়ম মেনে তা বিক্রি করে থাকেন। বাচ্চু মিয়া সেই তালিকায় নেই, লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্রও তার নেই। কিন্তু অভিযানে তার ধানের গুদামে ১০ টন টিএসপি, এমওপি ও ডিএপি সার পাওয়া গেছে। কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

পরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।