সিলেটে ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন এবং ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রমে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সংশ্নিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী, আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ভবন নির্মাণের অনুমোদন বা ছাড়পত্র দেওয়ার কোনো এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই বলে স্পষ্ট জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সোমবার (১৬ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা অংশ নেন।
সভায় জানানো হয়, নবসৃষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর আইন কার্যকর হওয়ার পর থেকে পৌরসভা বা সিটি কর্পোরেশনের মাধ্যমে নকশা অনুমোদন বা ছাড়পত্র দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। অথচ অনেক সিটি কর্পোরেশন এখনো এসংক্রান্ত আবেদন গ্রহণ করছে, যা পরবর্তীতে চরম আইনি জটিলতা ও জনদুর্ভোগ সৃষ্টি করবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সভায় বলেন, “ইমারত নির্মাণ বিধিমালা ও বিএনবিসি ২০২০ অনুযায়ী ভবন নির্মাণে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সিসিক থেকে তালিকা না পাওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়া হলে ভবিষ্যতে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে।”
এর জবাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, আইন কার্যকরের পর আবেদন জমা হলেও নকশা অনুমোদনের কোনো সভা বা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান সিটি কর্পোরেশনে জমা হওয়া নকশার পুরনো নথিপত্র দ্রুত সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। একইসঙ্গে ইতোমধ্যে সিটি কর্পোরেশনের দেওয়া অনুমোদনগুলোর তদারকি এবং ভবিষ্যতে নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দুই সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার তাগিদ দেওয়া হয়।
For more information
আরো দেখুন