দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এই পরীক্ষামূলক সরবরাহ বা ‘গ্রিড সিনক্রোনাইজেশন’ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রকল্প সূত্র জানিয়েছে, এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন-সরবরাহ, ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি যাচাই করে জাতীয় গ্রিডের সামর্থ্য পরীক্ষা করা। একই সঙ্গে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইনসহ অন্যান্য যন্ত্রপাতির কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবার বিকেলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও রূপপুর প্রকল্পের শীর্ষ কর্মকর্তা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের সঞ্চালন গ্রিড এখনো সনাতনী প্রক্রিয়ায় পরিচালিত হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রিড সিনক্রোনাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতের যেকোনো বিপর্যয় এড়াতে গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
পরীক্ষামূলক এই ধাপে ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতে পারে। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে। বায়েরার অনুমোদন পাওয়ার পর পরবর্তীতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হবে। এই ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।
For more information
আরো দেখুন