সিলেটে পুলিশ ফাঁড়ির নাকের ডগায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, সিলেটের আওয়াজ ২৪: সিলেট নগরীর প্রাণকেন্দ্র দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাত্র ১০০ হাত দূরে দরগাহ পুলিশ ফাঁড়ি অবস্থিত হওয়া সত্ত্বেও এমন ঘটনা ঘটায় নগরীর নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনের নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দাড়িয়াপাড়ার একটি গলির ভেতরে তিন থেকে চারটি বাসার মধ্যে একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের পৈতৃক বাসা। সেখানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন এবং তিনি নিজেও সিলেট সফরে এলে এই বাসায় অবস্থান করেন। শুক্রবার দুপুরে তাঁর সিলেটে আসার নির্ধারিত কর্মসূচির ঠিক আগমুহূর্তে ভোররাতে গলির প্রবেশপথের লোহার ফটকের নিচে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ফটকের নিচের অংশে পোড়া দাগ ও ছাই দেখা গেলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আগুনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপের গুঞ্জন ছড়ালেও তা নাকচ করে দিয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, এটি পেট্রোল বোমা জাতীয় কিছু নয়। দুর্বৃত্তরা কেরোসিন মেশানো কাপড় বা পলিথিন জাতীয় বস্তুতে আগুন ধরিয়ে ফটকের সামনে রেখে গিয়েছিল।
এদিকে, প্রতিমন্ত্রীর বাসার ফটকের সামনে কোনো সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী না থাকা এবং সংলগ্ন সিসিটিভি ক্যামেরা অচল থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র ১০০ হাত দূরের পুলিশ ফাঁড়ির সদস্যদের টহল ও তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রশাসনের ভেতরেও যদি কোনো দুর্বলতা বা গাফিলতি থাকে, সেটিও সরকার খতিয়ে দেখবে।” অন্যদিকে রেজাউল হাসান কয়েস লোদী একে ‘ছিঁচকে চোরের মতো চোরাগোপ্তা হামলা’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের ঘটনায় দেশের অগ্রগতি থামানো যাবে না।
বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসএমপি কমিশনার জানিয়েছেন, আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের কাজ চলছে এবং পুরো এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
For more information
আরো দেখুন