নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৮ নভেম্বর ২০২৬
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা গরু, মহিষ, কসমেটিক্স, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকোলেট, মুভ স্প্রে, চিপস এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন ও সোয়েটারের বড় চালান জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা। বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করেন। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
For more information
আরো দেখুন