সিলেট , ,

সিলেটসহ সারাদেশে সপ্তাহে তিন দিন রাত ১০টা ও তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত

News Room
প্রকাশিত November 29, 2026, 09:53 PM
সিলেটসহ সারাদেশে সপ্তাহে তিন দিন রাত ১০টা ও তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | ২৯ নভেম্বর ২০২৬

সিলেটসহ সারাদেশে সপ্তাহে ছয় দিন দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপনে আগ্রহী হলে সরকার ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। তবে সোলার প্যানেলের মান রক্ষায় বিএসটিআইয়ের সনদ বাধ্যতামূলক করার পাশাপাশি নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। সমিতির দাবি, সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও এর বড় অংশই কারিগরি বিভ্রাট। থাইল্যান্ডের উদাহরণ টেনে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বছরে গড়ে একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়; অথচ বাংলাদেশে দিনে তিনবার বিভ্রাট হলে বছরে একজন গ্রাহককে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতিতে পড়তে হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া প্রিপেইড মিটারে রিচার্জের পর পিক-অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় গ্রাহকদের অসন্তোষের বিষয়টিও আলোচনায় আসে। মোবাইল রিচার্জের মতো প্রিপেইড মিটারেও রিচার্জকৃত পুরো টাকা দেখানো এবং অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাব মন্ত্রী গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি কোথাও কোথাও মিটার ভাড়া কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি রোধে নির্বাহী প্রকৌশলীদের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে মন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।

For more information

আরো দেখুন