সিলেট , ,

সরকারের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করতে নির্দেশ সংসদীয় কমিটির

News Room
প্রকাশিত October 14, 2026, 11:24 PM
সরকারের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করতে নির্দেশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক:

‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে যারা অসহযোগিতা বা অবহেলা করছেন, তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে জোরালো সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, কমিটির সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম।

বৈঠকে কমিটির সভাপতি সাঈদ আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে খোলামেলাভাবে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় করতে হবে।

সতর্কবার্তা উচ্চারণ করে কমিটির সভাপতি আরও বলেন, “সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আপনারা ভুলে যাবেন না যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই কমিটিকে কেউ প্রতিপক্ষ ভাববেন না, এটি আমাদের সবার কমিটি।”

বৈঠকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং মাঠপর্যায়ে সরকারি সেবার মান বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

For more information

আরো দেখুন