সিলেট , ,

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

News Room
প্রকাশিত October 31, 2026, 01:58 PM
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিসংখ্যান ও বিস্তারিত পরিকল্পনা:

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এই এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী মিলিয়ে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পরীক্ষা নেওয়া হবে। এ বছর মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।

শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাত বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এতে শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থেকে যায়। আবার পরীক্ষা অতিরিক্ত পিছিয়ে গেলে তাদের উচ্চশিক্ষার ভর্তি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিষয়টি ভারসাম্য রেখে এক মাসের মধ্যে এই বিশেষ পরীক্ষা সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে।

খাতা পুনর্নিরীক্ষণ ও অন্যান্য সংস্কার:

সংবাদ সম্মেলনে খাতা পুনর্নিরীক্ষণের বিষয়ে জানানো হয়, আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এছাড়া খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের পদ্ধতিতে স্বচ্ছতা ফেরাতে পরীক্ষকদের প্রশিক্ষণ এবং ভুল মূল্যায়নের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী (২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন) অকৃতকার্য হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইংরেজি বিষয়ে জোর দিয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

For more information

আরো দেখুন