নিজস্ব প্রতিবেদক:
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১০ দিনের ছুটি মিলছে। একইসঙ্গে নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর ফলে সরকারি চাকরিজীবীরাও পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কলেজের বার্ষিক ছুটির ক্যালেন্ডার ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এই দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে যথাক্রমে ২০ অক্টোবর (মঙ্গলবার) ও ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত ছিল। উৎসব নির্বিঘ্ন করতে সরকার ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন অবকাশ কাটাবেন।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির পরিধি আরও বিস্তৃত। ২০২৬ সালের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের তালিকা অনুযায়ী দুর্গাপূজার মূল ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। তবে ছুটি শুরুর পূর্বে শুক্র ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) এবং ছুটি শেষে শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) থাকায় তা দীর্ঘায়িত হচ্ছে। এছাড়া ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার নির্ধারিত ছুটি যুক্ত হলে শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার নির্দেশনা অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও অ্যাকাডেমিক প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর বা শিক্ষা বোর্ড ছুটির এই সূচিতে আংশিক সমন্বয় বা পরিবর্তন আনতে পারে।
For more information
আরো দেখুন