সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় বাতিল

News Room
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় বাতিল

১৪ বছর পর ঐতিহাসিক রায় ঘোষণা

 

দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া ১৪ বছর আগের রায়টি বাতিল ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন আজ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে মঞ্জুর করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেন। আপিল বিভাগের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।


রায়ে ত্রুটিপূর্ণ রায় বাতিল, পুনর্বহাল নির্দলীয় সরকার

 

রায়ে আদালত স্পষ্ট করে বলেন, পূর্বের আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এবং এই রায় সম্পূর্ণরূপে বাতিল করা হলো।

সর্বোচ্চ আদালত রায়ে আরও বলেন, “সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধানবলি, যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় সন্নিবেশিত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে তা পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো।” আদালত নির্দেশ দেন, নির্দলীয় সরকার–সম্পর্কিত এই বিধানবলি কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।

এই রায়ের ফলে দীর্ঘ ১৪ বছর পর দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হলো।

For more information

আরো দেখুন