সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে মাকসুদার পিঠা উৎসবে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
নিউইয়র্কে মাকসুদার পিঠা উৎসবে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন

আওয়াজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো সংস্কৃতিকর্মী ও নারী সংগঠক মাকসুদা আহমেদের উদ্যোগে পিঠা উৎসব।

গেল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে আয়োজিত এ পিঠা উৎসবে উপস্থাপন করা হয় বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন।

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- গানে দিয়ে শুরু প্রবাসে বাঙালিয়ানার এসব নানা আয়োজন আনন্দ ও উচ্ছ্বাসে উদযাপন করেন আগতরা।

পিঠা উৎসবের এ আয়োজনে ছিল ৪০ রকমের পিঠা পায়েস। আগতরা এসব পিঠা-পায়েসের স্বাদ উপভোগ করেন বিনামূল্যে। সাথে বাড়তি স্বাদ যোগাতে ছিল চটপটি চানা পিয়াজুসহ বাঙালির আড্ডার মুখরোচক নানা পদের খাবার। সেইসব খাবার শেষে বাঙালির চিরায়ত আয়োজন হিসেবে ছিল পান। ছিল নৈশভোজের ব্যবস্থা।

আয়োজক ও নারী সংগঠক মাকসুদা দীর্ঘ এক যুগ ধরে নিয়মিত এ আয়োজন করে যাচ্ছেন। তিনিই প্রথম নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিংয়ে উৎসবের গোড়াপত্তন করেন। উৎসব আঙিনায় দৃষ্টিনন্দন সাজসজ্জা সবার নজর কাড়ে। বিনামূল্যে পিঠা পায়েসের সাথে উপহার ছিল সেরা জুটি ও সেরা পিঠা রাধুনিদের জন্য।

পিঠা উৎসবে মহান একুশের পাঞ্জাবি, টিশার্ট ও স্কার্ফ ছিল যা শুভেচ্ছা মূল্যের বিনিময়ে সংগ্রহ করেন অনেকে। এই সংগৃহীত সকল টাকা দেশে অনুন্নত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য পাঠানো হবে।

পিঠা উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, হাজী খবির উদ্দিন ভূঁইয়া, সারওয়ার চৌধুরী, বদরুজ্জামান রুহেল, শামীম আহমেদ, এম বি তুষার, মামুন রহমান, রেক্সোনা মজুমদার, জুলি রহমান, বি মেহের চৌধুরী, নাসরিন নীরু প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, নাসরিন চৌধুরী, ইলিয়াস হোসাইন, কামরুন নাহার রিতা, ফার্মিস আক্তার, বিপা, বিউটি, ইসলাম মামুন, মিথিলা বাদন, মমতাজ বেগম, মাধু রায়, এনি সারার, মিথুন দেব, মিঠু, চৌধুরী মুমিত তানিমসহ কমিউনিটির আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজা আব্দুল্লাহ।

পিঠা উৎসবে নৃত্য পরিবেশন করেন মায়া এঞ্জেলিনা ও তার দল। সংগীত পরিবেশন করেন তৌকির আযাদ বাবু, নাসরিন চৌধুরী, রোকসানা ও বিউটি।

এছাড়াও মনোমুগ্ধকর ফ্যাশন শো’র আয়োজন ছিল মাকসুদার পিঠা উৎসবে।

প্রবাসে বাঙালি ঘরানার এ আয়োজনের ধারা অব্যাহত রাখায় মাকসুদা আহমেদের ভূয়সী প্রশংসা করেন সকলে।