নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রীয় ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, তাঁরা রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কেবল চেয়ারের বদল ঘটেছে। সরকারের কার্যক্রমে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে আসছে এবং প্রশাসনের ভেতরে এখনো আওয়ামী লীগের মানসিকতা ও প্রভাব রয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাসনব্যবষ্টায় জনমানুষের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যারা পুনর্বাসনের চেষ্টা করছে, দেশের জনতা তাদের বিরুদ্ধে পুনরায় সোচ্চার হবে। প্রশাসন ও রাজনীতিতে সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই তরুণ রাজনৈতিক নেতা।
সভায় দলটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
For more information
আরো দেখুন