সিলেট , ,

সিলেটে মামুনুল হক: “দেশকে দলীয়করণ করা হয়েছে, সিন্ডিকেটে জিম্মি মানুষ”

News Room
প্রকাশিত October 11, 2026, 10:16 PM
সিলেটে মামুনুল হক: “দেশকে দলীয়করণ করা হয়েছে, সিন্ডিকেটে জিম্মি মানুষ”

ছবিঃ সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

দেশে তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের তীব্র সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশকে দলীয়করণ করা হয়েছে এবং সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়ে দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাকশিল্পসহ উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্প খাতে উৎপাদন ব্যয় প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “আজ দেশে তেল নেই, গ্যাস নেই, কলকারখানা বন্ধ হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় দেশজুড়ে চরম হাহাকার তৈরি হবে। জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের রপ্তানিমুখী শিল্প খাত মারাত্মক চাপের মুখে পড়ছে। একদিকে উৎপাদন খরচ তিন গুণ বাড়লেও অন্যদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হচ্ছে, যার ফলে উৎপাদনশীলতা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে।”

জুলাই আন্দোলন ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতার পালাবদল ছিল না; বরং শহীদদের স্বপ্ন ছিল একটি ফ্যাসিবাদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু জনগণের সেই গণভোটের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে এবং ছলচাতুরী করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না।”

বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল কারীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান এবং সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন। সমাবেশে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক জমিয়ত কর্মী ও ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

For more information

আরো দেখুন