মৌলভীবাজার প্রতিনিধিঃ দীর্ঘদিনের মতপার্থক্য ও সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে এক নতুন ধারায় ঐক্যবদ্ধ হচ্ছে মৌলভীবাজার জেলা বিএনপি। কেন্দ্রীয় নেতাদের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনার পর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফুটে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা।
বুধবার (২১ মে) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের বাসভবনে আয়োজিত এই বিশেষ সভা চলে টানা তিন ঘণ্টা। সভায় সভাপতিত্ব করেন ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সভায় আলোচনা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি, ঢাকায় ২৭-২৮ মে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত নয়াপল্টনের সমাবেশে অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে।
সভায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু, সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকি, মোশারফ হোসেন বাদশা, আলহাজ আব্দুল মুকিত, আব্দুল হাফিজ, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান ও স্বাগত কিশোর দাস চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার-এখানে মতের অমিল থাকতেই পারে, তবে বিভাজন নয়। আলোচনার টেবিলে আমরা একত্রিত হয়েছি, ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার সংকল্প করেছি।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার শহরের পশ্চিম বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৮ মে ঢাকায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে জেলা বিএনপি থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাষ্য, চলমান ঐক্যপ্রচেষ্টায় দলীয় কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যোমে সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করে তোলাই এখন সবার লক্ষ্য।
For more information
আরো দেখুন