সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

টেন্ডার নিয়ে বিএনপির দুগ্রুপের তুমুল সংঘর্ষ

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
টেন্ডার নিয়ে বিএনপির দুগ্রুপের তুমুল সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর | ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ও সিএনজি স্ট্যান্ড ইজারার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইজারা শিডিউল জমা দেওয়ার শেষ সময়ে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত ও অভিযোগ

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ছিল গরুর বাজার, মাছ বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজার ইজারার শিডিউল জমা দেওয়ার নির্ধারিত দিন। অভিযোগ রয়েছে, দুপুরে শিডিউল জমা দিতে গেলে পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী ও যুবদল নেতা আবু সাঈদ ব্যাপারীর অনুসারীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানের সমর্থকদের বাধা দেন।

বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ ৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উভয় পক্ষের বক্তব্য

যুবদল নেতা আবু সাঈদ ব্যাপারী দাবি করেন, নির্ধারিত সময় দুপুর ১টা বাজার পর শিডিউল জমা দিতে আসায় তারা বাধা দিয়েছেন, যার ফলে তাদের কর্মী সফিল্লাহ (৩৫) মারধরের শিকার হন।

অন্যদিকে, বিএনপি নেতা নুরুল হক সরকারনান্নু প্রধান অভিযোগ করেন, প্রশাসনের কারসাজিতে নির্দিষ্ট একটি পক্ষকে সুবিধা দিতে উপজেলা বা থানায় টেন্ডার বাক্স না রেখে কেবল পৌরসভায় রাখা হয়। তারা এই ইজারা প্রক্রিয়া বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তির দাবি জানান।

প্রশাসন ও পুলিশের ভূমিকা

মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি জানান, ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি শিডিউল জমা পড়েছে। এক পক্ষ অন্য পক্ষকে বাধা দেওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

For more information

আরো দেখুন