সিলেট , ,

অবশেষে স্বস্তি: ১ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছ পর্যটকরা!

News Room
প্রকাশিত October 25, 2026, 10:23 PM
অবশেষে স্বস্তি: ১ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছ পর্যটকরা!

দেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া নতুন পর্যটন মৌসুমে দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন রূপরেখা বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

রোববার (২৫ অক্টোবর) সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ বছর পর্যটক যাতায়াতে কিছু সুনির্দিষ্ট শর্ত ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার (৩,৫০০) পর্যটক যাতায়াত করতে পারবেন। এছাড়া পরিবেশ সংরক্ষণ ফি বাবদ প্রতিটি পর্যটককে ১০০ টাকা করে প্রদান করতে হবে, যা পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী পরিচালনা করবে।

যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে জানানো হয়েছে, টেকনাফের পরিবর্তে শুধুমাত্র কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজসমূহ চলাচল করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে সেন্টমার্টিন রুটে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিগত প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ টুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে যৌথভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।

For more information

আরো দেখুন