সিলেট , ,

১২ দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলেন জাসদের ২৪ নেতাকর্মী

News Room
প্রকাশিত October 8, 2026, 09:26 PM
১২ দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলেন জাসদের ২৪ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট, সিলেটের আওয়াজ:

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ নেতাকর্মীর মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাঁরা কারামুক্ত হন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন মঞ্জুরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ২৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁদের ছেড়ে দেয়। বাকি তিনজনের মধ্যে একজনের জামিন মঞ্জুর হলেও বাবার নামের বানানে অসঙ্গতি থাকায় তিনি তাৎক্ষণিক মুক্তি পাননি। তিনি জাসদ কার্যালয়ের নিচে অবস্থিত একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানা গেছে। এছাড়া গ্রেপ্তার থাকা অপর দুই নেতার জামিন আবেদনের শুনানির দিন আগামী ১১ অক্টোবর ধার্য রয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে রাতেই অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের বিরুদ্ধে দলীয় কার্যালয়ের ভেতর স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ আনা হয়েছিল।

তবে জাসদের দাবি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যথাযথ অনুমতি নিয়েই সারা দেশ থেকে আসা প্রায় চার শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিনিধি সভাটি চলছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এরপর পুলিশ এসে উল্টো তাদের নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ কারাভোগের পর অবশেষ ২৪ নেতাকর্মী মুক্ত হয়ে ঘরে ফিরলেন।

For more information

আরো দেখুন