স্টাফ রিপোর্টার: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। সোমবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মহাসড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলির ছেলে। আহত মোটরসাইকেলের দুই যাত্রীরা হলেন নোয়াকুট গ্রামের আহাদ আলির ছেলে দুলাল মিয়া (দিলু) (৩০) ও গাংপাড় নোয়াকুট কান্দিগ্রাম সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ফুরকান মাহমুদ জানান, ভোলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা টুকের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে ডাকঘর নামক স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সাকেরা বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৩ জন রোগীর মধ্যে সুমন মিয়া মারা গেছেন।আর অন্য জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।