সিলেট , ,

ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

News Room
প্রকাশিত September 22, 2024, 08:33 PM
ইমামের কাছে তওবা করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

আওয়াজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইমামের কাছে তওবা করে দলত্যাগ করেছেন সিরাজ মিয়া (৪৭) নামের আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং ওই ইউনিয়নের বরইচারা গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে তিনি দলত্যাগের ঘোষণা দেন। আজ রোববার বিকেলে ওই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সিরাজ মিয়া। গত শুক্রবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তিনি এক সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সিরাজ মিয়া বলেন, ‘আমি ২০ বছর ধরে চরমোনাই পীরের মুরিদ। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের সময় আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার আমার পীরের ওপর হামলা করে। এরপর থেকেই আমি তওবা করে আওয়ামী লীগ ছেড়েছি। আজকে ঘোষণা দিয়ে আপনাদের সামনে ইমাম সাহেবের মাধ্যমে তওবা করে দল ছাড়লাম। আজ থেকে আমি ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে আছি।’ সমাবেশে শতাধিক লোক উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সিরাজ মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি ১০ বছর ধরে বরইচারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম। এখন থেকে এই দলের সঙ্গে নেই। আমি ইমামের মাধ্যমে তওবা করে দল ছেড়েছি। এই দল ছেড়ে আজ আমার ভালোই লাগছে।’

দল বেকায়দায় থাকায় এমন ঘোষণা কি না জানতে চাইলে সিরাজ মিয়া বলেন, ‘আমি এক বছর ধরেই দলের কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম। এখন ঘোষণা দিয়ে সরে গেলাম। আমি ব্যবসা করি। পাশাপাশি এখন পীরের দলে আছি।’

 

For more information

আরো দেখুন|