মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি প্রধান জানান, ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ গাজীপুরের ওই ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।
তিনি আরও জানান, ডিসেম্বর মাসকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা জানান তিনি।
For more information
আরো দেখুন