সিলেট , ,

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের কঠোর বার্তা মার্কিন দূতাবাসের

News Room
প্রকাশিত October 4, 2026, 09:44 PM
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের কঠোর বার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের সময় কোনো ধরনের অতীত বা বর্তমান ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে শতভাগ সত্য তথ্য উপস্থাপনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাসের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এই সতর্কতা জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তাদের কাছে আবেদনকারীদের অতীত ভ্রমণ, অবস্থান কিংবা যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকে। ফলে সাক্ষাৎকারের টেবিলে কোনো বিষয় গোপন করার চেষ্টা করা সম্পূর্ণ বৃথা। কোনো আবেদনকারী যদি পূর্বের ওভারস্টে (অনুমোদিত সময়ের চেয়ে বেশি থাকা), অবৈধ প্রবেশ বা পূর্বে ভিসা বাতিলের তথ্য আড়াল করেন, তবে তা সরাসরি আইন লঙ্ঘনের শামিল হিসেবে গণ্য হবে।

মার্কিন দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেওয়া বা জালিয়াতির আশ্রয় নিলে সংশ্লিষ্ট আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য (Ineligible) ঘোষণা করা হতে পারে। এমনকি ভবিষ্যতে আর কখনোই তাদের জন্য কোনো শ্রেণির মার্কিন ভিসা মঞ্জুর করা হবে না। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইন (INA) অনুযায়ী বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন সরাসরি জালিয়াতি হিসেবে চিহ্নিত হয়।

দূতাবাসের কনস্যুলার বিভাগ আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অতীতের যেকোনো আইনি ব্যত্যয় থাকলেও তা সরাসরি ও সৎভাবে অফিসারের কাছে স্বীকার করা বাঞ্ছনীয়। সঠিক তথ্য উপস্থাপন ভিসা পাওয়ার নিশ্চয়তা না দিলেও, মিথ্যা বলা নিশ্চিতভাবেই আজীবনের জন্য ভিসা পাওয়ার পথ বন্ধ করে দেয়।

For more information

আরো দেখুন