সারা দেশে আন্দোলনের সময় নিহত ৬২২ জনের তথ্য পেয়েছে এমআইএস। সবার তথ্য হাসপাতালে আছে। তবে কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা হাসপাতাল সূত্রের বাইরে অন্য সূত্র থেকে মৃত্যুর সঠিক সংখ্যা বের করার চেষ্টা অব্যাহত রেখেছি।’
মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, সহিংস ঘটনার পর ৪৪৩ জনকে মৃত অবস্থায় (ব্রট ডেড) হাসপাতালে আনা হয়েছিল। বাকি ১৭৯ জনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
মৃত্যুর তালিকায় দেখা যায়, আন্দোলনের সময় সব বিভাগেই মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। এই বিভাগে মারা গেছে ৪৭৭ জন। সবচেয়ে কম মারা গেছে বরিশাল বিভাগে, একজন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে মারা গেছে যথাক্রমে ৪৩ ও ৩৯ জন। সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় মারা গেছে যথাক্রমে ২২, ১৯ ও ১৭ জন। এই আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে রংপুরে। এই বিভাগে সহিংসতায় মারা যায় ৪ জন।
সংঘর্ষ–সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধে৵ ৩ হাজার ৪৮ জনের আঘাত বা জখম ছিল গুরুতর। এদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে অস্ত্রোপচার ও সব ধরনের চিকিৎসা শেষে অন্তত ৫২৫ জন কমবেশি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে।
আন্দোলনের সময় পুলিশ নানা ধরনের অস্ত্র ব্যবহার করে। আন্দোলনের শুরুর দিকে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচার ছররা গুলি ছুড়েছিল। ছররা গুলিতে বহু মানুষের চোখ নষ্ট হয়ে যায়। এমআইএসের হিসাবে দেখা যায়, চোখে গুরুতর আঘাত পাওয়া মানুষের সংখ্যা ৬৪৭। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ৬০৩ জন। ঢাকার পরে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, ২২ জন। বাকি ছয় বিভাগে চোখে গুরুতর আঘাত লাগা মানুষের সংখ্যা ২২। কেউ দুই চোখের; আবার কেউ এক চোখের দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারাতে পারে।
তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে রোগীর পূর্ণাঙ্গ ঠিকানা থাকে না। একসঙ্গে অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে থাকলে রোগীর সব তথ্য লিখে রাখা হাসপাতালের কর্মীদের পক্ষে সম্ভব হয় না। আবার অনেক সময় রোগীর দেওয়া মুঠোফোন নম্বর ভুল থাকে। অপূর্ণাঙ্গ ঠিকানা ও ভুল মুঠোফোন নম্বর থেকে আহত মানুষকে শনাক্ত করা বা বেছে বের করা কঠিন। এই খসড়া তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। কেউ বাদ পড়লে সে চিকিৎসা নিয়েছে, এমন প্রমাণ হাসপাতালে দেখাতে হবে। এরপর হাসপাতাল থেকে তার নাম এমআইএসে পাঠালে তা তালিকায় তোলা হবে।
অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট সাম্প্রতিক গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ আটটি মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন।
মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘এটি প্রাথমিক তালিকা। এই তালিকা শুদ্ধ করতে হবে। তালিকা শুদ্ধ হওয়ার পর কারা কীভাবে সহায়তা পাবে তা সরকার ঠিক করবে।’