আওয়াজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে ভারতের ‘বিশেষ অনুরোধে’ বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে দিয়েছে। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছে। তাদের তো আমি জোর করতে পারি না।’
ফরিদা আখতার আরও বলেন, ‘অনুরোধের পরিপ্রেক্ষিতে এটি বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা (প্রতিশ্রুতি) আগের মতোই আছে—বাংলাদেশের মানুষের ইলিশ প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি আমরা।’
দাম বাড়লে রপ্তানি নিরুৎসাহিত করবেন কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যদি দাম বাড়ে, সে বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি, কিন্তু বন্ধ করতে পারি না।’
রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের আছে বলেও উল্লেখ করেন ফরিদা আখতার।
For more information
আরো দেখুন|