সিলেট , ,

দুই এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: ২৪ ঘণ্টায়ও মামলা নেই, শনাক্ত হয়নি কেউ

News Room
প্রকাশিত November 29, 2026, 09:47 PM
দুই এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: ২৪ ঘণ্টায়ও মামলা নেই, শনাক্ত হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৯ নভেম্বর ২০২৬

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পাশাপাশি রাতের অন্ধকারে সংঘটিত এ দুই ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক এবং একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার কথা শোনা গেলেও কখন তা দেওয়া হবে, তা নিশ্চিত নয়; তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাগুলো রাতে ঘটায় জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণসহ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পিকআপে করে একদল দুর্বৃত্ত সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন তেতলিতে এম এ মালিকের বাসভবনে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। হামলার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসায় ছিলেন। নিরাপত্তারক্ষী আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে এম এ মালিক দাবি করেন, ভারত থেকে ‘বুবুজান’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা হয়েছে। নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগের কারও মানবাধিকার লঙ্ঘন বা পুলিশ দিয়ে হয়রানির নির্দেশ দেননি বলেও দাবি করেন।

অন্যদিকে একই দিন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে আসা একদল বহিরাগত ব্যক্তি বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দেয়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে উত্তেজিত জনতা ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গুলজার আলী ও সাধারণ সম্পাদক দিলওয়ার আহমদ জানান, মোটরসাইকেলে আগুনের খবর তাঁরা শুনেছেন, তবে কারা এগুলো এনেছিল বা কারা জড়িত, তা তাঁদের জানা নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

For more information

আরো দেখুন