আবদুল আহাদ বলেন, চিকিৎসকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে এখনো যাঁরা গ্রেপ্তার হননি, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চিকিৎসক ও রোগীদের কল্যাণ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে স্বাস্থ্য পুলিশ নিয়োগ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকলেও বহির্বিভাগের সেবা বন্ধ ছিল। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান দুপুরে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের দাবি অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত ধরার চেষ্টা চলছে। আর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবিটি এত দ্রুত পূরণ করা সম্ভব নয়।