স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৩২) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া (উত্তরাইল) এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে স্থানীয়দের সঙ্গে অবস্থান করছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, তার শরীরে ৬টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
নিহত আলিফ ফকির বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক অনিয়ম ও অপরাধের বিষয় নিয়ে লিখতেন। এর আগেও সংবাদ প্রকাশের জেরে ২০২৫ সালের ১০ নভেম্বর স্থানীয় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন।
ঘটনার প্রতিবাদে ১৭ অক্টোবর (শনিবার) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর এ ধরনের হামলা মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অনতিবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাংবাদিক সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানবাধিকার সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর দিন শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দাতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
For more information
আরো দেখুন