এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। এটা আমাদের উপলব্ধি করতে হবে। স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সম্প্রীতি বজায় রাখতে হবে। পাহাড়ে সব সময় সমস্যা ছিল। সেখানে বাঙালি বাদে ১৩ থেকে ১৪টি কমিউনিটি আছে, কেউ ছোট বা কেউ বড়। তাঁদের মধ্যে সৌহার্দ্যের ব্যাপার আছে। সৌহার্দ্য বজায় রাখতে হলে অপাহাড়ি যাঁরা আছেন, তাঁদের বুঝতে হবে পাহাড়িদের দুঃখ ও বেদনা। স্থানীয়ভাবে এই সৌহার্দ্য বাড়াতে হবে।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি যে দুটি মন্ত্রণালয়ে আছি, সেখানে সাগরচুরি বলা যায় না, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি। গত ১৫ বছর যে সরকার ছিল, তারা পুরো সিস্টেম করাপ্ট করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো সিস্টেম নেই যে করাপ্ট করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে, অলমোস্ট ফিনিশড। আমরা চেষ্টা করছি ঠিক করার। তবে এটা দুই বা তিন বছরে ঠিক করা সম্ভব নয়।’