স্টাফ রিপোর্টার, সিলেট্যের আওয়াজ ২৪:
শিক্ষার্থীদের টানা বিক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাঈদা ইয়াসমিন। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে রবিবার সকাল থেকেই অধ্যক্ষের পদত্যাগসহ একাধিক প্রাতিষ্ঠানিক দাবি নিয়ে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। দিনভর তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের কঠোর অবস্থানের মুখে ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমেই জোরালো আন্দোলনের রূপ নেয়।
সন্ধ্যায় জমা দেওয়া পদত্যাগপত্রে সাঈদা ইয়াসমিন উল্লেখ করেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে তিনি সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি এই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করছেন।
অধ্যক্ষের পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, নার্সিং কলেজের অ্যাকাডেমিক মানোন্নয়ন, ফি সংক্রান্ত জটিলতা নিরসন এবং ছাত্রকল্যাণমূলক পরিবেশ নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
For more information
আরো দেখুন