সিলেট | ৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার ইতিহাস নিয়ে প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বক্তব্যের প্রেক্ষাপট ও প্রতিবাদ: বিবৃতিতে শিক্ষকরা জানান, সম্প্রতি চট্টগ্রামে এক জনসভায় জামায়াত আমীর দাবি করেছেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা নাকি ‘উই রিভোল্ট’ উচ্চারণের মাধ্যমে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দিয়েছিলেন। শাবিপ্রবি শিক্ষক ফোরাম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেছে, এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং একটি নতুন ও বিভ্রান্তিকর বয়ান প্রতিষ্ঠার অপচেষ্টা।
ঐতিহাসিক সত্যের ওপর গুরুত্বারোপ: নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক দলিল, প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা এবং দেশি-বিদেশি গবেষকদের নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে চট্টগ্রাম থেকে রেডিওর মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন মেজর (শহীদ প্রেসিডেন্ট) জিয়াউর রহমান। এই ঘোষণাই অবরুদ্ধ ও মুক্তিকামী জাতিকে সুসংগঠিত ও রণাঙ্গনে উজ্জীবিত করেছিল। শিক্ষক ফোরামের মতে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং তৎকালীন অস্থায়ী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অসংখ্য গ্রন্থে এই ইতিহাস অকাট্যভাবে লিপিবদ্ধ আছে।
বক্তব্য প্রত্যাহারের দাবি: বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইতিহাসকে অস্বীকার করে খণ্ডিত বক্তব্য দেওয়া মানে জাতির আত্মত্যাগকে অবমূল্যায়ন করা। স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন তত্ত্ব হাজির করা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। স্বাধীনতার ইতিহাস কোনো রাজনৈতিক সুবিধার হাতিয়ার হতে পারে না বলে তারা সতর্ক করেন। জামায়াত আমীরের এমন বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকরা।
For more information
আরো দেখুন