স্টাফ রিপোর্টারঃ সিলেট নগর ও সুনামগঞ্জের একাধিক দোকান থেকে ডিজিটাল প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে দুই প্রতারককে গ্রেফতার করেছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন হলেন- মো. ওসামন গনি (২১) এবং মো. ফরহাদ আহম্মদ (২২), দুজনেই কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, সারা দেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা মহানগর গোয়েন্দা বিভাগকে প্রতারণা দমন কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান শুরু করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে এক প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় ভুক্তভোগী মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার এবং ৪৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত বুধবার (৯ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
ডিবির অভিযানে গ্রেফতারদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, দুটি বাটন ফোন, মোট ১২টি সিমকার্ড এবং নগদ ৪০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
For more information
আরো দেখুন
SYLAWAZ24/05/SabbirMotion