সিলেট , ,

তত্ত্বাবধায়ক ও গণভোট ফিরছে সংবিধানে: স্বরাষ্ট্রমন্ত্রী

News Room
প্রকাশিত October 6, 2026, 10:23 PM
তত্ত্বাবধায়ক ও গণভোট ফিরছে সংবিধানে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এই ব্যবস্থা বাতিল বা পরিবর্তন করতে হলে জনগণের সরাসরি অনুমোদন বা গণভোটের বিধান ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল, যা আদালতের রায়ে অসাংবিধানিক ঘোষিত হওয়ায় তা স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন সাংবিধানিক সংশোধনীতে প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ ৪৮ ও ৫৬ সহ রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা হবে। তিনি জোর দিয়ে বলেন, সংশোধিত প্রস্তাবনায় রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে গণভোট আয়োজন করতে হবে। তাঁর ভাষায়, “আগে যা হয়েছে তা ছিল সাধারণ আইনি গণভোট, তবে এবার সংবিধানে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক গণভোট নিশ্চিত করা হবে।”

গণভোটের বিধান বর্তমানে সংবিধানে নেই—এমন বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের সুপরিচিত ‘ডকট্রিন অব ইক্লিপস’ (গ্রহণের তত্ত্ব) উল্লেখ করে ব্যাখ্যা দেন। তিনি বলেন, “চন্দ্রগ্রহণের সময় চাঁদ সাময়িকভাবে ঢাকা পড়লেও গ্রহণ কেটে গেলে চাঁদ আবার পূর্ণ আলো ছড়ায়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদের গণভোট বাতিলের সিদ্ধান্তকে দেশের সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় আগের বিধানটি কার্যকর হয়েছে। তবে বিচার বিভাগের রায়কে পূর্ণাঙ্গ রূপ দিতে তা আসন্ন সংশোধনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি আরও স্পষ্ট করেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে খেয়ালখুশিমতো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে না পারে, সেজন্য এতে শক্ত সাংবিধানিক ঢাল যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত অনুচ্ছেদ পরিবর্তন করতে হলেও সংসদের অনুমোদনের পর বাধ্যতামূলকভাবে জনগণের কাছে গণভোটের জন্য যেতে হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান যুক্ত হয়েছিল। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বিলোপ করা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনীর বড় অংশ অবৈধ ঘোষিত হওয়ায় সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে।

For more information

আরো দেখুন