ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজের কথা, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো।
ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’
ভারত সফরের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা বেড়ে যাওয়ার কারণ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স। শান মাসুদের দলকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। মিরাজরাও সে উত্তাপ টের পাচ্ছেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’
ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ, ‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা তো কম কথা নয়!