নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়ের পর এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে—কে হচ্ছেন আগামীর মন্ত্রী? জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভায় সিলেটের শক্তিশালী প্রতিনিধিত্ব ছিল। এবার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায়ও সিলেটের একাধিক নেতার ঠাঁই পাওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমানে সিলেটের রাজনৈতিক মহলে যে ৭ জন নেতার নাম মন্ত্রীত্বের দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাঁরা হলেন:
১. হুমায়ূন কবীর (যুগ্ম মহাসচিব, বিএনপি): দলের আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতাকে নিয়ে কর্মীদের প্রত্যাশা অনেক। গুঞ্জন রয়েছে, দক্ষ কূটনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
২. খন্দকার আব্দুল মুক্তাদির (সিলেট-১): সিলেটের ভিআইপি আসন সিলেট-১ থেকে নির্বাচিত হওয়ার ঐতিহ্য অনুযায়ী তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনা শতভাগ। ‘জেন্টলম্যান’ খ্যাত তারেক রহমানের এই উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে।
৩. আরিফুল হক চৌধুরী (সিলেট-৪): ভোটযুদ্ধে ‘ম্যাজিকম্যান’ হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। তাঁর উন্নয়নমুখী কাজের অভিজ্ঞতা তাঁকে মন্ত্রিসভায় স্থান করে দিতে পারে।
৪. মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম): সিলেট-৫ আসনে অল্প ভোটে পরাজিত হলেও বিএনপি জোটের এই শীর্ষ নেতাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী প্রার্থীর কারণে তাঁর পরাজয়কে দল ‘ত্যাগ’ হিসেবে মূল্যায়ন করতে পারে।
৫. ড. রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১): অর্থনীতিবিদ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. রেজা কিবরিয়াকে দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করার লক্ষ্যে অর্থ বা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
৬. জি কে গৌছ (হবিগঞ্জ-৩): হবিগঞ্জের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই জনপ্রিয় নেতাকেও মন্ত্রিসভার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।
৭. আব্দুল কাইয়ূম চৌধুরী (সভাপতি, সিলেট জেলা বিএনপি): ত্যাগের পুরস্কার হিসেবে তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ট এই নেতাকে পরিকল্পনা বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দেখা যাওয়ার জোরালো গুঞ্জন রয়েছে।
সিলেটের মানুষ মনে করছেন, অন্তত ৩ থেকে ৪ জন এই অঞ্চল থেকে পূর্ণ মন্ত্রীত্ব পাবেন। এখন দেখার বিষয়, তারেক রহমান তাঁর নতুন মন্ত্রিসভায় সিলেটের এই রত্নদের কীভাবে মূল্যায়ন করেন।
For more information
আরো দেখুন