সিলেট, ২৩ জানুয়ারি ২০২৬: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মান্নান মিয়া ওরফে মন্নাছ দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত এই মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক মান্নানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত ১৪৪ বোতল মদ জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।