নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (সিলেট) | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদ ও একটি নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার নভাগী গ্রাম থেকে এসব মাদকসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত মাদক ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে একটি কালো রঙের এক্স নোহা (Noah) গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম ও এএসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নভাগী গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে গাড়িটি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিবয়: গাড়ি তল্লাশি করে ১ হাজার ২২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধারের পাশাপাশি গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সাগর মোল্লা (৩৪)।
থানা পুলিশের বক্তব্য: কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, “সীমান্তবর্তী এলাকা থেকে এসব অবৈধ মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের নিয়মিত চেকপোস্ট ও নজরদারির ফলে এই বড় চালানটি ধরা পড়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এর আগেও একাধিকবার বড় ধরণের ভারতীয় মাদক ও পণ্যের চালান ধরে সিলেট রেঞ্জ এবং জেলা পুলিশ থেকে পুরষ্কৃত হয়েছে।
For more information
আরো দেখুন