সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: এলাকায় উত্তেজনা, ২ চালক অবরুদ্ধ

News Room
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
কানাইঘাটে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: এলাকায় উত্তেজনা, ২ চালক অবরুদ্ধ

সিলেট, ২৪ জানুয়ারি ২০২৬: সিলেটের কানাইঘাটে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টরের চাপায় হাফিজুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল হাওড় সানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র পুত্র এবং নিজ চাউরা কিণ্ডারগার্টেন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, হাফিজুর তার মা ও বোনদের নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় মামার বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে আসার সময় দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দিয়ে শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও স্থানীয় বিক্ষুব্ধ জনতা আরও দুটি ট্রাক্টরের চালককে আটক করে বীরদল লক্ষীপুর গ্রামের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বীরদল এলাকায় একটি অসাধু চক্র ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরযোগে বিক্রি করায় একদিকে গ্রামীণ রাস্তাঘাট ধ্বংস হচ্ছে, অন্যদিকে বেপরোয়া গতির কারণে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে।

For more information

আরো দেখুন