আওয়াজ ডেস্কঃ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে মোট ১৯ জন উপদেষ্টা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। তিনি বলেননি যে তিনি পদত্যাগ করবেন। অন্যান্য উপদেষ্টারাও দায়িত্বে রয়েছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা পালন করতেই এসেছি।’
একনেক সভা শেষ হওয়ার পরপরই শুরু হয় বৈঠকটি শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে এবং শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে।
বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই মাসকে ঘিরে সম্ভাব্য কিছু ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। জরুরি কাজে তিনি বৈঠক থেকে আগেই বের হয়ে আসেন।
পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও সম্মেলনকক্ষ থেকে বের হতে দেখা যায়। যদিও তাঁরা প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করেননি।
বৈঠক চলাকালে সম্মেলনকক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি অবস্থান করতে দেখা যায়, যা উপদেষ্টাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন অব্যাহত রাখছেন এবং সরকারের ভেতরে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চলছে।
For more information
আরো দেখুন