সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আচরণবিধি লঙ্ঘন করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

News Room
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ণ
আচরণবিধি লঙ্ঘন করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

আওয়াজ ডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ৮ খেলোয়াড়সহ নয়জনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪-২৫ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বিসিবি। বিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধির ‘গুরুতর’ লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বিবাদে জড়িয়েছিলেন। এ ঘটনার তদন্ত শেষে শাস্তি দিয়েছে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে দোষী সাব্যস্ত করা হয় ৯ জনকে। সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন। ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গ করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

 

 

For more information

আরো দেখুন|