আওয়াজ ডেস্কঃ আগামী ২৭ জুন শ্রী শ্রী রথযাত্রা এবং ৫ জুলাই উল্টো রথযাত্রা উৎসবকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ জুন) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (পিপিএম-সেবা) মোঃ রেজাউল করিম।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বিগত বছরের অভিজ্ঞতার আলোকে উৎসব চলাকালে উদ্ভূত সমস্যা ও সম্ভাব্য করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।
রথযাত্রার রুটে থাকা ভাঙাচোরা সড়কসমূহ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে সভায় জানানো হয়।
ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ইভটিজিং, পকেটমারি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সন্দেহজনক ব্যক্তি বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ৩৪ বীরের অধিনায়ক, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্পের প্রতিনিধি, এনএসআই ও র্যাব-৯ এর কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট সিটি কর্পোরেশন, আনসার ও ভিডিপি প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
For more information
আরো দেখুন