শাহজাহান সেলিম বুলবুল, কানাডা, টরেন্টো :
কানাডা টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস গভীর শ্রদ্ধা ও দেশাত্মবোধক আবহে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ১৬ ডিসেম্বর মঙ্গলবার
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় বাংলাদেশ হাউসে।

কানাডায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উদ্যাপন
কনস্যুলেটে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যা ৭টায় একটি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রদত্ত বাণী পাঠ করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা শহীদ মুক্তিযোদ্ধা এবং মহান স্বাধীনতা যুদ্ধকালে নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি অর্থনৈতিক সংস্কার, সামাজিক ন্যায়বিচার ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠনে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি শাসনব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের অগ্রাধিকারসমূহের ওপর গুরুত্বারোপ করেন।

কনসাল জেনারেল জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে ভবিষ্যতেও তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কানাডায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ভোটার হিসেবে নিবন্ধনের এই ঐতিহাসিক সুযোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা কানাডার প্রত্যন্ত অঞ্চল গুলোতেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংযোগ জোরদারে কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতা, সাংবাদিক, শিক্ষার্থী এবং মিশনের কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
For more information
আরো দেখুন