সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে মন্দিরে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ধর্মীয় ছবি ও পবিত্র গীতা, এলাকায় আতঙ্ক

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সিলেটে মন্দিরে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ধর্মীয় ছবি ও পবিত্র গীতা, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট সদর উপজেলার গুয়াবাড়ি তারাপুর চা বাগান এলাকায় একটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে কে বা কারা ‘শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে’ আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের ভেতরের ধর্মীয় ছবি, পূজার সামগ্রী এবং পবিত্র ভগবদ্গীতা পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিবরণ: মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরের দিকে মন্দিরে আগুন জ্বলতে দেখে পাশের একটি দোকানের লোক তাঁকে খবর দেন। স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের পর্দা, কাপড় এবং ধর্মীয় ছবিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তিনি আক্ষেপ করে বলেন, “আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি এবং পূজার কাপড়সহ ভগবদ্গীতা পুড়ে গেছে।” তবে তিনি অনেক কষ্টে একটি পঞ্চতত্ত্বের ছবি উদ্ধার করতে পেরেছেন।

আতঙ্কে এলাকাবাসী: স্থানীয় বাসিন্দা মিলন ভৌমিজ ও রাজন রায় জগন্নাথ জানান, প্রায় ৩-৪ বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আজ মন্দিরে আগুন দেওয়ায় স্থানীয়রা এখন নিজেদের ঘরবাড়ির নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রশাসনের ভূমিকা ও ওসি’র মন্তব্য: ঘটনার পর পুলিশ মন্দির পরিদর্শন করেছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি অসহযোগিতামূলক মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, “মন্দিরে কারা আগুন দিয়েছে, কীভাবে কী হয়েছে তা আমাদের জিজ্ঞেস করেন কেন? এসব বিষয় জানতে হলে বাগানের ম্যানেজারকে ফোন দেন। আমাদের জানা নেই।” পুলিশের এই ধরণের মন্তব্যে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

For more information

আরো দেখুন