সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

 স্টাফ রিপোর্টারঃবর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ২১ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবির হাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম ও উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।