সিলেট , ,

ভিভিআইপি এলেই বদলায় শহরের রূপ: সিলেটে রাতারাতি রাস্তা সংস্কার নিয়ে সমালোচনা

News Room
প্রকাশিত September 13, 2026, 12:20 AM
ভিভিআইপি এলেই বদলায় শহরের রূপ: সিলেটে রাতারাতি রাস্তা সংস্কার নিয়ে সমালোচনা

প্রধান মন্ত্রী রাষ্ট্রপতি আসার আগের ২ দিনে হয় সিলেটের রাস্তা-ঘাট ও পরিবেশের উন্নয়ন

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর পুণ্যভূমি সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে ভিভিআইপি এই সফর ঘিরে রাতারাতি শহরের রাস্তাঘাট মেরামত ও সৌন্দর্যবর্ধনের হিড়িক পড়ায় খোদ নগরবাসীর মধ্যেই তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট শহরজুড়ে এখন চলছে ব্যাপক সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তার দুই পাশের ভবন ও সীমানাপ্রাচীর রং করা হচ্ছে, রাস্তার ডিভাইডার ও ইলেকট্রিক পোলগুলো রাঙানো হচ্ছে এবং সৌন্দর্যবর্ধনে ডিভাইডারের মাঝখানে বাগান বিলাস গাছ লাগানো হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে থাকা ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাস্তার খানাখন্দ মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যানজট নিরসন ও নিরাপত্তার স্বার্থে শহরে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ এবং সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ধুলোবালি রোধে রাস্তায় পানি ছিটানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু প্রশাসনের এই আকস্মিক তৎপরতায় সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গত ৭-৮ মাস ধরে শহরের বিভিন্ন স্থানের রাস্তাঘাটের বেহাল দশায় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভাঙাচোরা রাস্তা আর যানজটের কারণে প্রতিদিন হাজারো কর্মঘণ্টা নষ্ট হলেও এতদিন সিটি কর্পোরেশন বা সড়ক বিভাগ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। নাগরিকদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও দুই সংস্থা একে অপরের ওপর দায় চাপিয়েছে। সড়ক বিভাগকে প্রশ্ন করলে উত্তর মিলেছে—এটি সিটি কর্পোরেশনের কাজ, অথবা ‘দীর্ঘ প্রক্রিয়া’র অজুহাত দেখিয়ে কাজ ফেলে রাখা হয়েছে। অথচ রাষ্ট্রপতির আগমনের খবরে জাদুর মতো মাত্র দু-এক দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। নগরবাসীর আক্ষেপ—কেবলমাত্র প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মতো ভিভিআইপিরা এলেই কেন রাতারাতি রাস্তাঘাটের উন্নয়ন হয়? সাধারণ মানুষের দুর্ভোগ কি প্রশাসনের চোখে পড়ে না?

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখার সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর দুপুর ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেটে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সফর শেষে রাত ৮টায় তিনি বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

দীর্ঘদিনের নাগরিক বঞ্চনা নিয়ে চাপা ক্ষোভ থাকলেও, নতুন রাষ্ট্রপতিকে নিজ শহরে বরণ করে নিতে সিলেটবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে। সবাই এখন ১৫ তারিখের অপেক্ষায়।

তৃপ্তির ধোঁয়া চায়ের কাপে, কারিগররা যেন আধুনিক যুগের ‘ক্রীতদাস’

For more information

আরো দেখুন