জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর বৈধ ইজারাকৃত বালুমহালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের বিএনপির লোক বলেও দাবি করছে। এ ঘটনায় শ্রমিকদের ওপর হামলার ফলে একজন আহত হয়েছেন। এ নিয়ে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে স্থানীয় প্রশাসন ও ইজারাদার পক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
‘সনি সোহা এন্টারপ্রাইজ’-এর ইজারাদার চন্দন তালুকদার অভিযোগ করে বলেন আমরা সরকার অনুমোদিত ইজারা প্রতিষ্ঠান মাধ্যমে নিয়ম মেনে নদী থেকে বালু উত্তোলন করছি কিন্তু একটি সংঘবদ্ধ চক্র নৌকা প্রতি ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে শ্রমিকদের কাজে বাধা দিচ্ছে এবং হামলার হুমকি দিচ্ছে তারা।
মঙ্গলবার বড়গাং নদী থেকে বালু আনতে গেলে রূপচেং মাঝের বিল এলাকায় বারকী শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। খোকন মিয়া নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে গাতিগ্রামের শ্রমিক সন্তোষ কুমার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ইজারাদার পক্ষের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত কয়েকদিন ধরে একটি প্রভাবশালী মহল শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা প্রশাসনের বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে হুমকি দিচ্ছে। চাঁদা না দেয়ায় এই হামলা চালানো হয়েছে।’
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। তখন কেউ সেখানে ছিল না। পরে জানতে পারি আবারো শ্রমিকদের ওপর হামলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।’
For more information
আরো দেখুন