ডেস্ক রিপোর্ট, সিলেটের আওয়াজ ২৪:
ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের কাম্য নয়, তবে দ্বিপক্ষীয় সম্পর্কে জাতীয় স্বার্থ সঠিকভাবে সুরক্ষিত হচ্ছে কি না—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদি কার্যকাল আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারত দাবি করছে তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়। এর প্রকৃত পরীক্ষা হবে আসন্ন গঙ্গার পানিবণ্টন চুক্তিতে। এই চুক্তি শুধু গতানুগতিকভাবে নবায়ন করলেই হবে না; নতুন করে স্বাক্ষর করতে হবে।” তিনি আরও যোগ করেন, এটি শুধু পানি ভাগের প্রশ্ন নয়, বরং নদী ব্যবস্থাপনায় যৌথ হিস্যা ও অংশীদারত্ব প্রতিষ্ঠা করার বিষয়। শুষ্ক মৌসুমে ঘাটতি দেখা দিলে উভয় দেশ তা সমানভাবে বহন করবে—এমন স্পষ্ট ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার জোর দাবি জানান তিনি।
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “শুধু বোয়িং বিমান কিনে বাহবা নিলে চলবে না। দেখতে হবে আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থ কতটা রক্ষা পাচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’ কেবল স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না।” তিনি গঙ্গাসহ সকল আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনার দাবি জানান।
বক্তব্যের শেষভাগে আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফেনী নদীর পানিবণ্টন নিয়ে দেশের স্বার্থে কথা বলার কারণেই আবরারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি কার্যকর করলেই তাঁর আত্মত্যাগ সার্থকতা পাবে।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও সংসদ সদস্য আখতার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, আবরারের বাবা বরকত উল্লাহ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, মাহফুজ আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
For more information
আরো দেখুন