সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

News Room
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ণ
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

ব্যবসায়িক ভিসা ইস্যু দ্রুত করার আশ্বাস

 

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভারতীয় ব্যবসায়িক ভিসা (বিজনেস ভিসা) আবার ইস্যু করা হচ্ছে। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সুখবর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি আশ্বাস দিয়েছেন যে, জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ হাইকমিশনার এই ঘোষণা দেন।


ভিসা জটিলতা নিরসনের উদ্যোগ

 

হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত সংখ্যক কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, “বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি।” ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে অতিরিক্ত সুবিধা পাবেন বলেও জানান তিনি।

‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে। এই প্রদর্শনী আগামী ২৫-২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।


ফার্মা শিল্পের দাবি: সহজ ভিসা ও স্থলপথের সুবিধা

 

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন এবং দীর্ঘদিনের ভিসা জটিলতা দ্রুত দূর করার আহ্বান জানান। পাশাপাশি, দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজ করারও দাবি তোলেন তারা।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, এই উদ্যোগ দু’দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তীকরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, স্থলসীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি সহজ হলে দেশের কাঁচামাল শিল্প আরও প্রতিযোগিতামূলক হতে পারে।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এ বছর সিপিএইচআই–পিএমইসিতে বাংলাদেশ থেকে স্বাভাবিকের তুলনায় খুব কমসংখ্যক (মাত্র ৮৩ জন) প্রতিনিধি যেতে পারছেন। তিনি ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করে আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

For more information

আরো দেখুন