ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে সিলেট আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও অবস্থান নিতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
সমাবেশ ঘিরে একটি ব্যতিক্রমী চিত্রও দেখা গেছে মঞ্চে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য কোনো ভিআইপি বা বিশেষ আসন রাখা হয়নি। মঞ্চে থাকা সব আসন একই ধরনের সাধারণ চেয়ারে সাজানো হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, এটি দলের ভেতরে সমতা ও গণমানুষের রাজনীতির বার্তা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই অনেক নেতাকর্মী সমাবেশস্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলের নিচে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকেও দলে দলে মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহ্য অনুসরণ করেই সিলেট থেকে এবারের নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
For more information
আরো দেখুন