সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

News Room
প্রকাশিত মে ২০, ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
সিলেটে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

আওয়াজ ডেস্কঃ সোমবার সকাল থেকেই সিলেট নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে কিছু সময় বিরতি দিলেও পুনরায় শুরু হয় ভারী বর্ষণ। এতে করে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টি হয়, এবং পরবর্তী তিন ঘণ্টায় আরও ৬৮ মিলিমিটার।

অল্প সময়ের এমন ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। বিশেষ করে মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা ও বালুচরসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে। কোথাও কোথাও ঘরবাড়ির ভেতরেও পানি উঠে গেছে।

কাজলশাহ এলাকার বাসিন্দা মোস্তাক আহমদ জানান, ‘সকালে বৃষ্টি শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। প্রতি বছরই বৃষ্টির সময় একই সমস্যা হয়।’

এলাকার আরেক বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘ড্রেনগুলো সরু হয়ে গেছে, আবার নিয়মিত পরিষ্কার না হওয়ায় ময়লা জমে থাকে। ফলে পানি নামতে পারে না, আমরা খুব কষ্টে আছি।’

উল্লেখ্য, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল-নালা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে, তেমন কোনো সুফল মেলেনি। অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা পানিতে ডুবে যাচ্ছে, বাসাবাড়িতে পানি উঠছে, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

For more information

আরো দেখুন