স্টাফ রিপোর্টারঃ সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আগামী ২৫ মে আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম জানান, এজাহারনামীয় ২, ৩ ও ৪ নম্বর আসামি মো. সাইফ (২২), তায়েফ উদ্দিন (৫৫) এবং মাসুম আহমদ ওরফে সুইচ মাসুম (৪০) এর পাঁচ দিনের রিমান্ড চেয়ে একটি আবেদন আদালতে দাখিল করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত ২৫ মে শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন আসামিদের আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৮ মে সুইচ মাসুমকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর একদিন আগে, ১৪ মে একটি চোরাচালান মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান। এরপর ১৫ মে ওই চাঁদাবাজি মামলায় ৪ নম্বর আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি আবেদন করে তদন্ত কর্মকর্তা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুম আহমদের বিরুদ্ধে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন থানায় চোরাচালানের অন্তত ১৯টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির সময় আব্দুল্লাহ (২২), মো. সাইফ (২২) ও তায়েফ উদ্দিন (৫৫) নামে তিনজনকে আটক করে পুলিশ। পরে, এ ঘটনায় মাসুম আহমদ ওরফে সুইচ মাসুম (৪০), মইনুল হক ওরফে (৪২), জয়নাল আবেদীন (৫৫), লিটন মিয়া (৪০), গোলাম আজম (৪২) এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার ১ নম্বর আসামি আব্দুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে রিমান্ড আবেদন থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহ আলম।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
For more information
আরো দেখুন