সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৈলাশটিলা-১ কূপে ওয়ার্কওভারের পর দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

News Room
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ
কৈলাশটিলা-১ কূপে ওয়ার্কওভারের পর দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

কৈলাশটিলা-১ কূপে ৬৪ বছর পর নতুন গ্যাসের মজুদ

 

সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপে ওয়ার্কওভারের (Workover) মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সিলেট গ্যাস ফিল্ডের অধীনে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে মোট ৯টি কূপ রয়েছে, যার মধ্যে ১ নং কূপে সর্বপ্রথম ১৯৬১ সালে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল এবং ২০১৯ সাল পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন করা হয়।


চলমান ওয়ার্কওভার প্রকল্পের সাফল্য

 

২০২৩ সাল থেকে দেশের পুরোনো কূপগুলো নতুন করে ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন ১৪টি কূপের ওয়ার্কওভার চলছে। কৈলাশটিলা-১ সহ ইতোমধ্যে ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে, এবং সব কটিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।

কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে গ্যাসের সন্ধান পাওয়ার তথ্য নিশ্চিত করে এই প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, “গ্যাসের মজুদ পাওয়া গেছে। এখনও কিছু কাজ বাকী আছে। এসব কাজ শেষ করে আজকালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবেন।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। বাপেক্স প্রায় চার মাস আগে কৈলাশটিলায়-১ নম্বর কূপের ওয়ার্কওভার শুরু করে এবং ওয়ার্কওভারকালে প্রায় ২২ হাজার ফুট গভীরে গ্যাসের সন্ধান পায়।


সিলেট গ্যাসফিল্ডে চলমান অন্যান্য সাফল্য

 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) আওতাধীন কূপগুলোতে ধারাবাহিকভাবে সফলতা আসছে।

  • রশিদপুর গ্যাসফিল্ড: গত ১৫ সেপ্টেম্বর থেকে রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর পুরোনো কূপ থেকে নতুন করে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

  • হরিপুর গ্যাসফিল্ড: গত বছরের ২২ অক্টোবর হরিপুরের ৭নং কূপে খননকাজ শেষে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন হচ্ছে। এরও আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরোনো হরিপুরের ১০ নম্বর কূপেও গ্যাসের সন্ধান মেলে।

  • কৈলাশটিলা-৮ ও ২: তারও আগে ওই বছরের ২৪ মে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮নং কূপে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট এবং ২২ নভেম্বর পরিত্যক্ত ২ নং কূপে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

বর্তমানে এসজিএফএল-এর আওতাধীন পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে শুধুমাত্র এই কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে।

For more information

আরো দেখুন